হতাশা, বেদনা ও স্বপ্নভঙ্গের নিদারুণ যন্ত্রণা সত্ত্বেও মা আনন্দময়ীর আগমন বার্তা ঘোষিত হবার সঙ্গে সঙ্গে বাতাসে বয়ে যাচ্ছে আনন্দের সুর। আকাশ হয়ে উঠেছে নীল, সাদা মেঘেরা যেন পালতোলা নৌকায় ভেসে বেড়াচ্ছে। আকাশে বাতাসে মথিত হয়ে উঠেছে দশভুজা, দশপ্রহারেণধারিনী মায়ের শঙ্খধ্বনি। ঢাকের বাদ্যি বাজার সঙ্গে সঙ্গেই তাই বাঙালীর মন নেচে ওঠে এক অপরিসীম অপার্থিব আনন্দে। মা আসছেন, মা আসছেন এই আনন্দে আমরা বিভোর।
আমরা আজ বহ সমস্যায় জর্জরিত। যুবসমাজ বিভ্রান্ত ও দিশেহারা। পথভ্রান্ত মানুষের মধ্যে থেকে মনুষ্যত্ব নষ্ট হয়ে গিয়ে পশুত্ব দেখা দিচ্ছে ফলে খুন, জখম, রাহাজানি ও নারীদের ইজ্জত ভুলুন্ঠিত হবার ঘটনাও ক্রমবর্ধমান। সত্যিকারের আনুসরণ করবার মত কোনও ব্যক্তিত্ব চোখের সামনে না থাকায় বিভান্ত যুব ও ছাত্রসমাজ। তারা নিজেদের বিপন্ন বোধ করছে এবং অপরাধ জগতের ব্যক্তিদের লোভনীয় চক্রজালে ক্রমশই নিজেদের যুক্ত করে ফেলছে।
তাই মাতৃরুপেনী মা মহামায়ার কাছে আমার সনির্বন্ধ প্রার্থনা, এই অশান্তি, হানাহানি, রক্তপাত, সংঘর্ষ বন্ধ হয়ে সত্যম শিবম সুন্দরমের আবাহনের মধ্য দিয়ে আমাদের মনুষ্যত্ব যেন জাগ্রত ও বিকশিত হয়, উন্মেষ ঘটে আমাদের আত্মিক ও আধ্যাত্মিক চেতনার। সবাই সুখে থাকুক, সবাই শান্তিতে থাকুক, সবাই আনন্দে থাকুক, মা আনন্দময়ী আমাদের সবাইকে আনন্দে ভরিয়ে রাখুন এই আমার প্রার্থনা।
শারদ শুভেচ্ছা সহ -
লক্ষ্মী রতন শুক্লা
( সভাপতি)
Wrote by Suman Das















