আমার কথা by Shri Shankar Kumar Sanyal












বাজলো তোমার আলোর বেণু

            গ্রীষ্মের দাবদাহের পরই বর্ষারানীর দেখা আর বর্ষার মধ্যেই শরৎ উকি দিয়ে বলে যায় আমি আসছি ... । হঠাৎ করে শরৎ মেঘের আনাগোনা, প্রকৃতির সাজো সাজো অবয়ব দেখে বাঙালির প্রাণে বেজে ওঠে আগমনীর সুর, মন উতল হয়ে ওঠে -  দ্রিমি দ্রিমি ছন্দের জন্য। পাড়ায় পাড়ায় শিশুদের 'পূজো এসে গেছে', 'পূজো এসে গেছে' কলকাকলীতে ব্যস্ত হয়ে পড়ে অভিভাবকরা। শৈশবের সবুজ মন বোঝে না কোনো প্রতিকূল পরিস্থিতি। তারা চায় নতুন নতুন জামা পরে পুজো মণ্ডপ আলো করে নির্মল আনন্দে মেতে উঠতে। মা আসছেন। আকাশ-বাতাস মুখরিত 'জগতে আনন্দযজ্ঞে সবার নিমন্ত্রণ'

            এত সবের মধ্যেও চারিদিকে সামাজিক অবক্ষয়ের ব্যথা, মানুষে মানুষে বিভেদ, হিংসাত্মক আন্দোলনের মধ্য দিয়ে পথ খুঁজতে চাইছে সারা দেশের ছাত্র-যুবসমাজ।  প্রতিদিনকার সংবাদপত্র খুললেই বিভিন্নরকম অস্বস্তিকর খবরে চোখে পড়ে যায়। জন্মদাত্রী মা তার সন্তানকে হত্যা করছে, প্রেমিক তার প্রেমিকাকে শেষ করে সুস্থ ভালবাসার অপমৃত্যু ঘটাচ্ছে। মনের বিষাদ যখন ভার হয়ে দাঁড়ায় তখন খুঁজে ফিরি মুক্তির উপায়। সব কিছু ভুলে সাজাব যতনে ভাবনায় মেতে উঠি মা দূর্গতিনাশিনীর আরাধনায়। আমরা বিশ্বাস করি মা সমস্ত কালিমা মুছিয়ে দিয়ে আমাদের সমাজে এনে দেবে নতুন করে জাগরণের আলো।


            তাই প্রত্যেকবারের মতো আসুন, এবারও আমরা সব কিছু ভূলে সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে আসন্ন শারদীয়ার ভোরের আলোয় মা'র কাছে প্রার্থনা করি-   'জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো'।  

Share:

0 comments